স্টাফ রিপোর্টার, দিনাজপুর :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, অর্থনৈতিক উন্নয়নে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছ।
তিনি বলেন, কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন।
আজ শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের ফলন ও উৎপাদন বাড়াতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
তিনি বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’-এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। দেশের খাদ্যের ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় কৃষি খাতকে আরও এগিয়ে নিতে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা ও কৃষি বিভাগের পরামর্শ অব্যাহত রয়েছে।
জেলার হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজিনা বেগম জানান, উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ-বছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ৮০০ জন কৃষকের মাঝে আউশ ধান চাষের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। এ ছাড়া ২০ জন কৃষকের মাঝে পাট চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি এমওপি এবং ৫ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের মাঝে সময়মতো উপকরণ পৌঁছে দেওয়া এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ দিতে উপজেলা কৃষি অফিস প্রতিশ্রুতিবদ্ধ।
আগামীতে কৃষকদের কৃষি কাজে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, হাকিমপুর -ঘোড়ারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এন এম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপি'র সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাউপস্থিত ছিলেন ।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho