রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকার আলীনগরস্থ সাগুফতা ডিওএইচএস এলাকায় অবৈধ জ্বালানি তেলের গুদামে অভিযান চালিয়ে এক কারবারিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর ঢাকা উইংয়ের আভিযানিক দল। এ সময় ৭১ লিটার অকটেনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে মো. ইব্রাহিম তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এবং একটি সংঘবদ্ধ চক্রের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করতেন।
অভিযান চলাকালে গুদাম থেকে উদ্ধার করা হয় ৭১ লিটার অকটেন (১ লিটারের বোতলে ভরা), ১০টি তেলের ড্রাম, প্রায় ২৫০টি খালি তেলের বোতল, অসংখ্য ব্যবহৃত বোতল এবং ৬টি চোঙ্গা যা থেকে অবৈধভাবে তেল মজুদ ও বিপণনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, গুদামটি বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের মালিকানায় পরিচালিত হয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে আরও কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho