জাকসুর স্বতন্ত্র ভিপি আবদুর রশিদ জিতুর বিএনপিতে যোগদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) স্বতন্ত্রভাবে নির্বাচিত সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
দুপুর ১২টার দিকে দৈনিক নাগরিক কন্ঠকে বিষয়টি নিশ্চিত করেন আবদুর রশিদ জিতু বলেন,
“আমি সরাসরি মূল দলে যোগদান করেছি। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
“জাকসু ভিপি আবদুর রশিদ জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”
উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী হিসেবে আবদুর রশিদ জিতু সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। নির্বাচনে জাকসুর ২৫টি পদের মধ্যে ২০টি পদে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হলেও শীর্ষ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জিতু।
আবদুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।
রাজনৈতিক অঙ্গনে তার এই যোগদান ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


















