উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,দিনাজপুর :
উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ীর ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফুলবাড়ী উপজেলা প্রশাসন পরিচালিত ফুলকুঁড়ি বিদ্যানিকেতন প্রাঙ্গণে দিনব্যাপী খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আহমেদ হাছান।
জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ক্রীড়া প্রতিযোগীদের শপথ গ্রহণ,তোপধ্বনির মাধ্যমে অলিম্পিক মশাল বহন, “ড্রেস অ্যাজ ইউ লাইক”ইভেন্ট সহ বিভিন্ন ইভেন্টে উৎসাহের সঙ্গে খুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খুদে শিক্ষার্থী থেকে অভিভাবক পর্যন্ত সব বয়সীদের জন্যই ছিল ভিন্ন ভিন্ন ইভেন্ট।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হলে আনন্দঘন পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন, প্রতিষ্ঠান প্রধান মো.সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মিজানুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব মাসউদ রানা ও বিশিষ্ট ব্যবসায়ী মো.নুর আলম। এ সময় ফুলকুঁড়ি বিদ্যানিকেতনের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি আহমেদ হাছান তার বক্তব্যে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সৌহার্দ্য, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে উৎসাহ প্রদান করেন।
ফুলকুঁড়ি বিদ্যানিকেতনের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো.সোহরাব হোসেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও সদস্যদের স্বাগত জানিয়ে শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আরো বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও উপজেলা ক্যাব’র সভাপতি মাসউদ রানা বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
প্রসঙ্গত, শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা এই তিনটি বিষয়কে সামনে রেখে সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন ১৯৮৮খ্রিস্টাব্দে উপজেলা পরিষদের সামনেই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনটি গড়ে তোলেন।



















