ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায় কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের

নিজস্ব প্রতিবেদক >> প্রচার–প্রচারণার শেষ প্রান্তে এসে জমে উঠেছে ঢাকা–১৭ আসনের নির্বাচনী মাঠ। এই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হওয়ায় নির্বাচনী প্রচারণায় বাড়তি গতি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন শতাধিক প্রচার টিম এলাকায় এলাকায় ভাগ হয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে।
শনিবার কড়াইল বস্তি এলাকায় ঘুরে দেখা যায়, নির্বাচনী প্রচারণা নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ রয়েছে। কড়াইল বস্তির এক প্রবীণ বাসিন্দা মোঃ শাহজাহান (আনুমানিক বয়স ৭৫) জানান, এলাকার মানুষ পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে। ধানের শীষ প্রতীকের প্রতি ভোটারদের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন,
“আমাদের বস্তিতে ধানের শীষের পক্ষেই মানুষের মন। এখানে পরিবর্তনের কথা ছাড়া আর কিছু নেই।”
এলাকার ভেতরে ঘাটসংলগ্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা যায় ঢাকা–১৭ আসনের প্রচার উপকমিটির সমন্বয়ক রিয়াজ উদ্দিন আহমেদকে। তিনি বলেন,“কড়াইল বস্তিতে গেলে বোঝা যায় মানুষের মনোভাব। এখানে ধানের শীষ ছাড়া অন্য কোনো আলোচনা নেই।”
তিনি আরও জানান, বস্তিবাসীরা ভোটের মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করতে আগ্রহী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা সিদ্ধান্ত নিতে চান।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের নাগরিক সমস্যা, জীবনযাত্রার ব্যয় ও মৌলিক অধিকার নিয়ে ভোটারদের মধ্যে যে অসন্তোষ রয়েছে, তার প্রতিফলন পড়ছে এবারের নির্বাচনী প্রচারণায়। বিশেষ করে কড়াইল বস্তির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ভোটারদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারা।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণকে সামনে রেখে ঢাকা–১৭ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নির্বাচনী মাঠে শেষ মুহূর্তের এই তৎপরতা ভোটের ফলাফলে প্রভাব ফেলবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।

















