ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মামলা-হামলা ও কারাবরণের মধ্য দিয়ে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ধারাবাহিকতায় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আওলাদ হোসেন। বিগত স্বৈরাচারী শাসনামলে একাধিক রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েও আন্দোলন-সংগ্রামে অবিচল থাকা এই নেতার ওপর নতুন দায়িত্ব অর্পণ করাকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ত্যাগী নেতৃত্বকে সামনে আনার বার্তা হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গত ৫ ফেব্রুয়ারি অনুমোদন দেওয়া হয়। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম মোক্তার। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আওলাদ হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নুরুন্নবী ফরাজী মুক্তারকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় ক্ষমতা ও দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত সদস্য সচিব মোঃ আওলাদ হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিক মামলা, হামলা ও কারাবরণের শিকার হন। নির্যাতনের সেই সময়ে তিনি শারীরিকভাবে একটি হাত বিকলাঙ্গ হয় । তবুও দলের আদর্শ ও আন্দোলনের পথ থেকে তিনি কখনো সরে যাননি।
নেতাকর্মীরা মনে করছেন, আওলাদ হোসেনের মতো পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বের হাতে সাংগঠনিক দায়িত্ব অর্পণের ফলে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।


















