নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা) রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালী উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন-এঁর সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা প্রাইমারি এডুকেশন রিসোর্ট ট্রেনিং অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) মো. আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, উপজেলা প্রকৌশলী অরুণ কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আফরোজা পারভীন উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
তিনি জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন এবং জনসেবার মান বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভা কালুখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।






















