প্যারিস খাল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক: বর্ষার আগেই খনন–পরিষ্কারে জোর, দখলমুক্তে আইনগত পদক্ষেপের ঘোষণা

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা ও ডেঙ্গুর প্রভাব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে বন্ধ ও ভরাট হয়ে যাওয়া খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে, যাতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকে এবং নগরবাসী বর্ষায় দুর্ভোগে না পড়েন।
আজ সকালে রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত প্যারিস খাল পরিদর্শন শেষে প্রশাসক এসব কথা জানান। তিনি বলেন, “পরিকল্পিতভাবে খাল খননের মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখা হবে। পাশাপাশি খালের দুই পাড়ে পর্যায়ক্রমে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে একদিকে পরিবেশ সংরক্ষণ হবে, অন্যদিকে নাগরিকরা পাবেন নিরাপদ ও মনোরম চলাচল সুবিধা।”
প্রশাসক আরও বলেন, নগর ব্যবস্থাপনায় গণমাধ্যম ও নাগরিকদের গঠনমূলক সমালোচনা এবং পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। “সাংবাদিক ও সাধারণ জনগণের গঠনমূলক মতামত আমাদের কাজকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে সহায়তা করবে,” যোগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে বেদখলে থাকা খালগুলোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে খালগুলো দখলমুক্ত করা হবে। টেকসই সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি বলেন, “বৃষ্টি হলেই এই এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। খালগুলো যথাযথভাবে পরিষ্কার ও প্রয়োজনীয় গভীরতা বজায় রাখা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএনসিসির এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর উত্তরাঞ্চলে জলাবদ্ধতা নিরসন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব নগর গঠনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।















