ঘরে ঘরে গণসংযোগ: তারেক রহমানের পক্ষে ভোট চাইতে মাঠে ছাত্রদল নেতা আকরাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে দিনরাত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি নিজেই। জাতীয় পর্যায়ের নানা কর্মসূচিতে ব্যস্ত থাকায় নিজ নির্বাচনী এলাকায় নিয়মিত উপস্থিত থাকতে না পারলেও, তার পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
ঢাকা-১৭ আসনের ভাষানটেক এলাকায় ঘুরে দেখা গেছে, ছাত্রদলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের পক্ষে ভোট চাইছেন। এলাকায় লিফলেট বিতরণসহ সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন-বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছেন। আমরা অলিগলি, ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে তার পক্ষে ভোট চাইছি। লিফলেট দেওয়ার সঙ্গে সঙ্গেই মানুষ তারেক রহমানকে চিনে ফেলছেন এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। ভাষানটেক এলাকায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।
তিনি আরও বলেন-আমি নিজে ভাষানটেক এলাকায় ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের পক্ষে ভোট চাইছি। জনগণের সাড়া দেখে আমরা আশাবাদী।
এ সময় ছাত্রদল নেতা আকরাম আহমেদ আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমান এমপি নির্বাচিত হবেন এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে দেশকে নেতৃত্ব দেবেন।
এদিকে ভাষানটেক এলাকায় ছাত্রদলের পাশাপাশি যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন। একই সঙ্গে এই আসনের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক আব্দুস সালামও প্রচারণা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন।

















